গবেষকরা গভীর সমুদ্রে এক নতুন প্রজাতির অক্টোপাস এবং অক্টোপাসের এক নতুন জগত খুঁজে পেয়েছে। সমুদ্র নিয়ে গবেষণা করে এমন একটি সংস্থা ‘শ্মিট ওশান ইনস্টিটিউটের’ এক গবেষণায় দেখা যায়, গভীর সমুদ্রে অক্টোপাসের একটি নিজস্ব নার্সারি রয়েছে। যেখানে নারী অক্টোপাসরা একত্রিত হয়ে তাদের মূল্যবান ডিম পাহারা দেয়।
বিজ্ঞান-ভিত্তিক ওয়েবসাইট ম্যাশাবল এক প্রতিবেদন জানিয়েছে, কোস্টারিকার গভীর সমুদ্র অভিযান চালিয়ে এই নার্সারির খোঁজ পায় শ্মিট ওশান। গবেষকরা এর আগে আবিষ্কার না হওয়া অঞ্চলের ছবি তোলার জন্য একটি রোবোটিক সাবমার্সিবল ব্যবহার করে। এর মাধ্যমে তোলা ছবি থেকে এই খোঁজ পায় তারা।

সম্প্রতি খুঁজে পাওয়া অক্টোপাসটি মিউসোক্টোপাসের একটি নতুন প্রজাতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি এমন এক প্রজাতির অক্টোপাস যাদের কোনো রঙের থলি থাকে না।
শ্মিট ওশান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জ্যোতিকা বিরমানি বলেন, কোস্টারিকার সমুদ্রপৃষ্ঠের তলদেশের প্রায় ২৮০০ মিটার গভীরে একটি নতুন এবং সক্রিয় অক্টোপাস নার্সারি খুঁজে পাওয়া প্রমাণ করে যে আমাদের মহাসাগর সম্পর্কে এখনও অনেক কিছু শেখার বাকী আছে।

সদ্য আবিষ্কৃত এই নার্সারি চলতি বছরের জুন মাসে একটি নিম্ন-তাপমাত্রার হাইড্রোথার্মাল ভেন্টের কাছে খুঁজে পাওয়া গেছে। এটি এমন একটি জায়গা যেখানে পৃথিবীর ভূত্বক থেকে গরম বা উষ্ণ খনিজ সমৃদ্ধ সমুদ্রের পানি প্রবাহিত হয়।
সামগ্রিকভাবে, এই অভিযান থেকে আরও অনেক প্রাণীর সন্ধান পাওয়া গেছে যেগুলো সমুদ্রের গভীর এবং অন্ধকার অঞ্চলে বসবাস করে।








