বাংলাদেশ

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের খবর বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের খবর বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে প্রকাশিত এসব খবরকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের বরাতে তিনি জানিয়েছেন, শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পেয়েছে হাইকমিশন। তবে আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদনসংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না।

সোমবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।

সুজন মাহমুদ লিখেছেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। তার আবেদন নিয়ে কিছু গণমাধ্যম যে শিরোনাম করেছে, তা বিভ্রান্তিকর। এসব শিরোনাম জনমনে বিভ্রান্তি ছড়ায়।’

এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে কথা বলার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। সুজন মাহমুদ লিখেছেন, ‘তিনি জানিয়েছেন, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। আদৌ অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে করা অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদনসংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলের বক্তব্যও ফেসবুক পোস্টে যুক্ত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব। সেখানে দেখা যায়, প্রতিষ্ঠানটি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ করে লিখেছে, ‘In view of the reported revocation of her existing Bangladeshi passport and National Identity Card (NID) by the Interim Government and other authorities, I respectfully request that you take the necessary steps to issue a new Bangladeshi passport and National Identity Card for our client।’

ই-মেইলটির বাংলা অর্থ তুলে ধরে সুজন মাহমুদ লেখেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা যায়। এ পরিপ্রেক্ষিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’

পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া তুলে ধরে তিনি আরও লিখেছেন, ‘পাসপোর্টের আবেদন ব্যক্তিকে নিজেকেই করতে হয়। বাংলাদেশে ই-পাসপোর্টের নিয়মিত প্রক্রিয়ায় আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণ করতে হয়। এরপর পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়।’

তার দাবি, রয়টার্স ও এপির প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের কোনো ফরম জমা দেওয়া বা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কথা উল্লেখ নেই। ফলে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলটি আনুষ্ঠানিক আবেদন নয়, বরং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ।

এ বিষয়ে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানও যাচাই করে একই বিষয় তুলে ধরেছে বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। সোমবার আইনজীবীর মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে এ আবেদন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। চিঠিটি দেখার সুযোগ পাওয়ার কথাও জানিয়েছে রয়টার্স।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাঁর পক্ষ থেকে এ ধরনের যোগাযোগের খবর প্রথম প্রকাশ করে রয়টার্স।

বিষয়:এনআইডি জাতীয় পরিচয়পত্র প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…