গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেই বিদায় নিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবারও একই মঞ্চে দেখা হচ্ছে স্প্যানিশ ও ইংলিশ জায়ান্ট দুটির। ম্যানসিটি মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজ যেখানে বলছেন ‘প্রতিশোধ’ নেয়ার উপযুক্ত সময়, সেখানে কোচ পেপ গার্দিওলা বলছেন ভিন্নকথা। আগের মৌসুমের সবকিছু ভুলে শিষ্যদের কেবল খেলার দিকে মনোযোগ দিতে বলেছেন সিটিজেন কোচ।
প্রতিশোধ নেয়ার জন্য মাঠে নামলে অনেক বড় ভুল হবে সিটিজেনদের, এমনই মনে করছেন গার্দিওলা। বলেছেন, ‘এটি একটি বিশাল ভুল হবে। আমরা প্রতিশোধ নেয়ার জন্য এখানে আসিনি। যা ঘটেছে, ঘটেছে। ফুটবলে সবসময় এসব ঘটে। এসবের সামনাসামনি আপনাকে হতে হবে।’
মঙ্গলবার রাত ১টায় রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদিস্তাদের বিপক্ষে পরীক্ষা ম্যানসিটির।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে স্মরণীয় এক ম্যাচের মঞ্চায়ন করিয়েছিল ম্যানসিটি ও রিয়াল। প্রথম লেগে নিজেদের মাঠে ৪-৩ গোলে জিতেছিল গার্দিওলার দল। এক গোলে এগিয়ে থাকা সিটিজেনরা দ্বিতীয় লেগে রিয়ালের মাঠেও ছিল দুর্দান্ত। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকার পর শেষ বাঁশি বাজার অপেক্ষায় ছিল ম্যানসিটি।
দুই গোলের ব্যবধান ঘুচিয়ে সেই মুহূর্তে জয় বা ড্র হবে তা কেবল কল্পনাই মনে হচ্ছিল রিয়ালের। সেই স্বপ্ন পূরণ করে রূপকথা লেখেন রদ্রিগো ও করিম বেনজেমা। ৯০ ও ৯১ মিনিটে দুটি গোল করে লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরান ২২ বর্ষী ব্রাজিলীয় ফরোয়ার্ড। শেষ মুহূর্তে, অর্থাৎ ৯৫ মিনিটে ফরাসি তারকা বেনজেমার পেনাল্টি গোলে সিটিকে হতভম্ব করে ফাইনালে পৌঁছে যায় কার্লো আনচেলত্তির দল। ফাইনালে লিভারপুলকে হারিয়ে নিজেদের ১৪তম ইউরোপসেরার শিরোপাও ঘরে তুলেছিল রিয়াল।
স্প্যানিশ কোচ গার্দিওলা গতবারের সেই ম্যাচ নিয়ে বলেছেন, ‘ফাইনালে পৌঁছাতে সবকিছুর চেয়ে অনেক বিশেষ কিছু করলেও অনেক সময় তা হয়ে ওঠে না। আগের ম্যাচ থেকে যে শিক্ষাটি নিতে পারি তা হল, একটি ভালো ফলাফল করা। ভালো পারফর্ম করা এবং ঘরের মাঠে দ্বিতীয় লেগে ফাইনালে পৌঁছানোর সুযোগ পাওয়া।’
বড় ম্যাচের আগে খেলোয়াড়দের চাপ কমিয়ে চাঙ্গা রাখতে ম্যানসিটি বস অবশ্য একটি সাধারণ ম্যাচের মতোই নিয়েছেন রিয়াল ম্যাচকে। বলেছেন, ‘গত বছরটি কঠিন ছিল, কিন্তু ম্যানচেস্টারে আমাদের প্রথম ম্যাচটি ব্যতিক্রম ছিল। সেই ম্যাচে সত্যিই আমরা ভালো খেলেছিলাম। কিন্তু সেই ভালো জয়ের জন্য যথেষ্ট ছিল না। প্রতিপক্ষকে অভিনন্দন জানান, গ্রহণ করুন। যেখানে একবছর পর আবারও আমরা একই মঞ্চে।’







