আনচেলত্তির এই রেকর্ড নেই আর কারও
রিয়াল কোচের বিশ্বাসই হচ্ছে না

ফুটবল কোচ আন্তোনিও কন্তে মাঠে প্রশংসা ও উদযাপন করছেন, বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুর রাজাদের ১৪তম ইউরোপসেরার মুকুট অর্জনের দিনে ইতিহাস গড়েছেন লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তিও। চারবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্রথম কোচ এখন তিনি।
একইসঙ্গে প্রথম কোচ হিসেবে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডাগআউটে থাকার নজিরও গড়েছেন আনচেলত্তি। একাধিক ক্লাবের হয়ে দুইবার ট্রফি জেতা একমাত্র কোচও ৬২ বর্ষী ইতালিয়ান।
এসি মিলানের কোচ হিসেবে ২০০২-০৩ এবং ২০০৬-০৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে ভেসেছিলেন আনচেলত্তি। রিয়ালের হয়ে ২০১৩-১৪ মৌসুমে জিতেছেন। ২০২১-২২ মৌসুমে রিয়ালের হয়েই জিতলেন আরেকবার।
কোচ হিসেবে তিনবার করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন জিনেদিন জিদান ও বব পেইসলি। জিদান রিয়াল ও পেইসলি লিভারপুলের ডাগআউটে পেয়েছেন শিরোপা।
রিয়ালের দায়িত্ব ছাড়ার পর মাঝে বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভারটনের কোচের চেয়ার সামলান আনচেলত্তি। সদ্যগত মৌসুমে রিয়ালে ফিরে লা লিগার পর জিতলেন চ্যাম্পিয়ন্স লিগও। বিষয়টি নিয়ে তিনি বেশ অভিভূত।
‘আমি রেকর্ডম্যান। গত বছর এখানে (রিয়াল) আসার সৌভাগ্য আমার হয়েছে। যথারীতি দারুণ এক দক্ষ এবং দৃঢ় মানসিকতার স্কোয়াডসহ একটি দুর্দান্ত ক্লাব পেয়েছি। মৌসুমের শীর্ষে তারা ছিল।’







