চোটে ছিলেন না ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস জুনিয়র। জয়ের উৎসবও হয়নি রিয়াল মাদ্রিদের। ভিনির চোটে যার কাঁধে দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, সেই কাইলিয়ান এমবাপে উল্টো ডোবালেন। হতশ্রী পারফরম্যান্সের চূড়ান্ত পরিণতি টানেন পেনাল্টি মিস করে। তাতে ১৫ বছর পর লিভারপুলের কাছে হারের স্বাদ পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
অ্যানফিল্ডে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে লিভারপুলের কাছে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুল এগিয়ে যায় অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের গোলে। পরে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন বদলি নামা কোডি গ্যাকপো।
৫৯ মিনিটে পেনাল্টি মিস করেন এমবাপে। ফরাসি তারকার দুর্বল শট ঠেকিয়ে দিয়ে লিভারপুলের লিড ধরে রাখেন গোলকিপার কুইভিখন কেলেহার। পেনাল্টি মিস করেছেন অলরেড ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহও। এমবাপে তবু বল লক্ষ্যে রেখেছিলেন, কিন্তু ৭০ মিনিটে নেয়া স্পটকিকটি সালাহ মারেন পোস্টে।
রাতের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টনভিলা ও সিরি আ’র জুভেন্টাস। মোনাকোর কাছে ৩-২তে হেরেছে বেনফিকা। ডায়নামো জাগরেবকে ৩-০তে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে ১৫ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান। এক পয়েন্টে পিছিয়ে তিনে বার্সেলোনা। লিভারপুলের কাছে হেরে ২৪ নম্বরে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।








