রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুম থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। বিদায় সহজভাবেই নিচ্ছেন সিটি কোচ পেপ গার্দিওলা। এমনকিছু যে ঘটবে আগেই আঁচ করতে পেরেছিলেন স্পেনিয়ার্ড কোচ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেই গার্দিওলা বলেছিলেন, রিয়ালের মাঠে সিটির জয়ের সম্ভাবনা ১ শতাংশ।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে প্লে-অফের ফিরতি লেগে ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির রিয়াল। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলের ব্যবধানে শেষ ষোলোতে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে গার্দিওলার অধীনে প্রথমবার নকআউটে যেতে ব্যর্থ হল ম্যানসিটি।
৫৪ বর্ষী গার্দিওলা পরে বলেছেন, ‘আমরা এমবাপেকে সঠিকভাবে সামলাতে পারিনি। তাকে আটকে রাখাটা অনেক কঠিন ছিল। তারা এই মুহূর্তে সেরা দল তাই জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগে বেশিভাগ সময়ে আমরা গ্রুপপর্ব পার করেছি- ফাইনাল কিংবা সেমিফাইনালে খেলেছি। কিন্তু এই মৌসুমে কোনো প্রতিযোগিতায়ই আমরা ভালো করতে পারিনি।’
‘আগের তিন মৌসুমে রিয়ালের চেয়ে আমরা বেশ ভালো করেছিলাম, কিন্তু এবার তারা ভালো খেলছে। তারা এটার যোগ্য। এখন আমাদের এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচ আছে, এখন আমাদের একটাই লক্ষ্য পরের মৌসুমে এখানে (চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন) থাকার চেষ্টা করা। কিছুই চিরস্থায়ী নয়।’







