ন্যু ক্যাম্পে লা লিগার এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই হারে শিরোপা থেকে অনেকটাই দূরে সরে গেল লস ব্লাঙ্কোসরা। বিষয়টি স্বীকারও করেছেন মাদ্রিদ গোলকিপার থিবো কোর্ত্তয়া। বলেছেন, ‘শিরোপা জয় এখন খুব কঠিন’।
রোববার রাতে ঘরের মাঠে শুরুতেই নিজেদের জালে বল জড়িয়ে পিছিয়ে যায় বার্সেলোনা। ৪৫ মিনিটে গোল শোধ করেন সার্জিও রবার্তো। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধে খেলা চলতে থাকে সমান তালে। ৮২ মিনিটে সৃষ্টি হয় নাটকীয়তার। কাতালানদের জালে বল পাঠান আসেনসিও। অফসাইড বিবেচনায় গোলটি বাতিল করে দেয়ে ভিএআর। এরপর যোগকরা সময়ে বার্সার জয়সূচক গোলটি করেনে কেসিয়ে।
নাটকীয় ম্যাচে রিয়ালকে হারিয়ে মোট ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। শিরোপার লড়াইয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকাকে ‘কঠিন’ মনে করছেন থিবো কোর্ত্তয়া। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোর্ত্তয়া বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের লা লিগা জেতার সম্ভাবনা অদৃশ্য হয়ে গেছে।’
‘আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম, কিন্তু এখন চারটি ম্যাচের পার্থক্য। তাদের চারটি ম্যাচ হারতে হবে, এবং আমাদের সবকটি জিততে হবে। কিছুই অসম্ভব নয়, তবে এটি খুব কঠিন।’
অফসাইডে গোল বাতিল হওয়ার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, ‘আমরা জয়ের যোগ্য ছিলাম। যে গোলটি বাতিল করা হয়েছিল তা নিয়ে আমাদের সন্দেহ আছে। আপনি কি মনে করেন এটি অফসাইড ছিল? আমাদের এটি মেনে নিতে হবে, তবে আমার সন্দেহ আছে। কিছুই নিশ্চিত নয়। আমাদের সন্দেহ করার অধিকার আছে।’







