নতুন স্কেলে বেতন নিয়ে অনিশ্চয়তা, রোববারও মিলছে না বর্ধিত অর্থ

নতুন বেতনকাঠামো অনুযায়ী ১ নভেম্বর থেকে সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। তবে বেতন নির্ধারণের কাজ শেষ না হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী আপাতত আগের কাঠামোতেই বেতন পাবেন। পরবর্তী সময়ে নতুন স্কেলের বর্ধিত বেতন ও তিন মাসের বকেয়া সমন্বয় করে পরিশোধ করা হবে।
নতুন পে-স্কেল অনুযায়ী রোববার (১ নভেম্বর) থেকে সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন ও তিন মাসের বকেয়া অর্থ দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা পাচ্ছেন না অনেক কর্মকর্তা-কর্মচারী। নতুন বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সংশ্লিষ্টদের আপাতত আগের বেতনকাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। পরে নতুন কাঠামো অনুসারে বর্ধিত অর্থ ও বকেয়া পরিশোধ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে এখনো বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি জটিলতা রয়ে গেছে। দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এখনো নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেনি। ফলে একযোগে সবার বর্ধিত বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
নতুন বেতনকাঠামো কার্যকর করতে গিয়ে বিভিন্ন গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড পাওয়ার বিধান, বাড়িভাড়া ভাতা এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা নির্ধারণে একাধিক অসংগতি দেখা দিয়েছে। এসব বিষয়ে সমাধান না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত বেতন নির্ধারণে বিলম্ব হচ্ছে।
এর পাশাপাশি সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++-এর কারিগরি জটিলতাও বেতন নির্ধারণ ও পরিশোধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
নতুন বেতনকাঠামো বাস্তবায়নে উদ্ভূত জটিলতা নিরসনে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তবে এখন পর্যন্ত এসব সমস্যার উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। একাধিক মন্ত্রণালয় ও বিভাগের বেতন নির্ধারণসংক্রান্ত জটিলতা ১ নভেম্বরের আগে সমাধান করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন তৈরি ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যাপ্ত অভিজ্ঞতা ও জানাশোনার অভাব থেকেও এসব জটিলতার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, নতুন কাঠামো কার্যকর করতে গিয়ে বিভিন্ন পর্যায়ে যেসব অসংগতি দেখা দিয়েছে, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শও নেওয়া হচ্ছে।
নতুন বেতনকাঠামোর বাস্তবায়ন প্রক্রিয়ায় এসব জটিলতা কাটিয়ে কবে নাগাদ সব কর্মকর্তা-কর্মচারী বর্ধিত বেতন ও বকেয়া অর্থ পাবেন, তা এখনো নিশ্চিত নয়।






