চা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি, সভাপতি রাজু ও সম্পাদক মুকেশ

ছবি: সংগৃহীত
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। আরেক প্রার্থী নিপেন পাল পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টায় নির্বাচনের ফল ঘোষণা করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সহসভাপতি মিঠুন কালোয়ার, সহসভাপতি মিঠুন সিংহ রাউতিয়া-২, নারী সহসভাপতি শিমুল কর্মকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক সনত গোয়ালা।
শনিবার সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে ১৩৫টি চা বাগান মৌলভীবাজার জেলায়। নির্বাচনে প্রায় ১ লাখ ৪৮ জন শ্রমিকের ভোট দেওয়ার কথা ছিল।
এবার কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর দুটি এবং সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতিমণ্ডলীর প্যানেল-১ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে নির্মল পাইনকা, সহসভাপতি পদে জেসমিন আক্তার এবং নারী সহসভাপতি পদে সুভদ্রা মুন্ডা প্রতিদ্বন্দ্বিতা করেন।
অন্যদিকে প্যানেল-২ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে মিঠুন সিংহ রাউতিয়া-২ এবং নারী সহসভাপতি পদে শিমুল কর্মকার ছিলেন।
সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হবিগঞ্জের চান্দপুর চা বাগানের নিপেন পাল, আমু চা বাগানের মুকেশ কর্মকার এবং মৌলভীবাজারের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি।
নির্বাচনে বিজয়ীদের সঙ্গে দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য যুক্ত করে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। একই দিনে সাতটি ভ্যালি কমিটি এবং ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে তা আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এদিকে মৌলভীবাজার জেলার ১৩৫টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফলও প্রকাশ করা হয়েছে। জেলার সাতটি উপজেলা—শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, কুলাউড়া, রাজনগর, জুড়ী, কমলগঞ্জ ও বড়লেখার বিজয়ী প্যানেলগুলোর সভাপতিদের নামসহ ফলাফল বিবরণী প্রকাশ করে জেলা প্রশাসনের কার্যালয়। এতে সই করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ।





