ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা।
গতকাল শনিবার রাত ৮টায় মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, গুলশান থানা এলাকায় ২০২১ সালের ২৫ নভেম্বর ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালের ২৯ নভেম্বর গুলশান থানায় একটি মামলা করা হয়। মামলায় ২০২১ সালের ২৯ নভেম্বর আসামি বাবুকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় গুলশান থানা পুলিশ। এরপর বাবু জামিনে মুক্তি পেয়ে গুলশান থানা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
মামলাটি তদন্ত শেষে ধর্ষণের অপরাধ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় ২০২২ সালের ৩০ এপ্রিল আসামি বাবুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে গুলশান থানা পুলিশ। পরে মামলাটির বিচার কার্য শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০৮ আদালত আসামি বাবুকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় এবং বাড্ডা থানায় গ্রেপ্তারি পরোয়ানা দেন।
গ্রেপ্তারি পরোয়ানা মূলে গতকাল শনিবার রাত ৮টায় মেরুল বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশের একটি টিম।
তালেবুর রহমান জানান, গ্রেপ্তার বাবুকে আদালতে পাঠানো হয়েছে।







