মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে চলছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘গেম চেঞ্জার’। বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির চার দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘গেম চেঞ্জার’ সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৬২ কোটি রুপি!
তবে ‘গেম চেঞ্জার’ এর বক্স অফিস কালেকশন নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই এই ছবির আয় নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন পরিচালক রামগোপাল ভার্মা।
রামগোপালের দাবি, ‘গেম চেঞ্জার’-এর বক্স অফিস কালেকশন নিয়ে যে তথ্য দেওয়া হচ্ছে তা পুরোটাই ভুয়া’। তার কথায়, যে ছবির বাণিজ্যিক রিপোর্টে পরিসংখ্যান দেওয়া হচ্ছে তা বেশ সন্দেহজনক। কারণ, প্রযোজকদের দাবি আর কালেকশন নিয়ে বের হওয়া রিপোর্টে অনেক পার্থক্য রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রামগোপাল ভার্মা নিজের এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে ব্যঙ্গাত্মকভাবে লেখেন, ‘যদি রাজামৌলি ও সুকুমারের এই তেলুগু ছবির আকাশ ছোঁয়া রিয়েল টাইম কালেকশনে বলিউডকে বেশ ভালোই ধাক্কা দেয়। তাহলে কেন এর পিছনে থাকা লোকেরা এটা প্রমাণ করতে সফল যে দক্ষিণ জালিয়াতি ক্ষেত্রে অনেক বেশি দুর্দান্ত।’
রামগোপাল ভার্মার দক্ষিণের ছবির বক্স অফিস কালেকশন নিয়ে প্রশ্ন তুলে লেখেন, ‘আমি সত্যিই জানি না ‘বাহুবলী’, আরআরআর, কেজিএফ টু, ‘কানতারা’র মতো দক্ষিণের ছবিগুলির সাফল্যকে ছোট করে এই অপমানের পিছনে আসলে কে রয়েছে! বক্স অফিস কালেকশন নিয়ে এই দাবির কারণে তাদের সমস্ত ছবির সাফল্যই এখন সন্দেহের তালিকায় পড়ে যাবে।’
রামগোপাল অবশ্য এই মিথ্যাচারের অভিযোগের ক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ প্রযোজক দিল রাজুকে অব্যাহতি দিয়েছেন। কারণ তিনি লেখেন, ‘আমি জানি না এই অবিশ্বাস্য, নির্বোধ মিথ্যাচারের পিছনে আসলে কে রয়েছে। তবে আমি নিশ্চিতভাবে এটা কখনওই প্রযোজক দিল রাজু-র কাজ নয়, কারণ তিনি প্রকৃতপক্ষেই একজন বাস্তববাদী মানুষ, উনি কখনওই জালিয়াতি করবেন না।
এদিকে ‘গেম চেঞ্জার’ এর প্রযোজকরা জানিয়েছিলেন ছবিটি মুক্তির ১ম দিন অর্থাৎ ১০ জানুয়ারি বিশ্বব্যাপী ১৮৬ কোটি টাকা আয় করেছে। ছবিটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এই সংখ্যাটি শেয়ার করা হয়েছিল। এটা যদি সত্যি হয়, তাহলে এই ছবি ‘পুষ্পা ২’, ‘বাহুবলী ২’ এবং ‘আরআরআর’-এর পর ৪র্থ সেরা ভারতীয় ছবি হয়ে উঠবে।
তবে ছবির বাণিজ্যিক রিপোর্ট বলছে, এই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন বিশ্বব্যাপী ১০০ কোটি টাকারও কম। স্যাকনিল্কের মতো কিছু সূত্র বলছে ছবি আয় মাত্র ৮০ কোটি টাকা। তাই ‘গেম চেঞ্জার’-এর বক্স অফিস কালেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন রাম গোপাল ভার্মা। ছবির বাজেট নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
তিনি আরও একটি টুইটে লেখেন, ‘যদি গেম চেঞ্জারের খরচ হয় ৪৫০ কোটি টাকা তাহলে ‘আরআরআর’ এর অসাধারণ ভিজ্যুয়ালের খরচ হওয়া উচিত ছিল ৪৫০০ কোটি টাকা।- ইন্ডিয়ান এক্সপ্রেস







