উইন্ডিজের ব্যাটিং নিয়ে যেন হুমকিই দিয়ে রাখলেন স্যামি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি জিতে বেশ ছন্দে আছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে নামার আগে নিজেদের ব্যাটিংয়ের প্রসংশা করলেন কোচ ড্যারেন স্যামি। বললেন, অন্য যেকোনো সময়ের তুলনায় উইন্ডিজের ব্যাটিং বিভাগ এখন আরও নির্ভরযোগ্য।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ঢাকায় প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে এগিয়ে ক্যারিবীয়রা।
ব্যাটিং নিয়ে স্যামি বলেছেন, ‘ব্যাটারদের কঠোর পরিশ্রম এবং গত কয়েক বছর ধরে আমরা যে প্রস্তুতি নিয়েছি, তার ফলই বাংলাদেশে পেয়েছি। ব্র্যান্ডন ও জন সম্ভবত দীর্ঘ সময়ের মধ্যে আমাদের সেরা ওপেনিং জুটি। ক্যাভেম হজ ৬ নম্বর পজিশন থেকে ৪ নম্বরে উঠে এসেছেন। জাস্টিন গ্রিভস ও রোস্টন চেজ ৫ থেকে ৭ নম্বর পজিশনের মধ্যে খেলেছেন। দলকে একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে আসার জন্য অনেককিছু করতে হয়েছে।’
সংবাদ সম্মেলনে স্যামি ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেলের প্রশংসায় বলেছেন, ‘ মিরপুরে ১৭০ রান তাড়া করার সময় তারা ১১২ রানের জুটি গড়েছিলেন। এর মাধ্যমে তারা গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্সের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওপেনিং জুটি হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে একাধিকবার শতরানের জুটি গড়ার কৃতিত্ব অর্জন করলেন।’




