নেটমাধ্যম হোক কিংবা বি-টাউন, ভারতের সর্বত্র এখন একটাই চর্চা! আর সেটি হলো আম্বানীদের বাড়ির বিয়ে। অনন্ত-রাধিকার বিয়ের তারিখ যতই এগিয়ে আসছে ততই যেন চর্চা বেড়েই চলছে। আর এবার চর্চার কেন্দ্রবিন্দুতে আম্বানী বাড়ির হবু বউ রাধিকার গায়ে হলুদের সাজ।
সম্প্রতি মুম্বাইয়ে মুকেশ এবং নীতা আম্বানির প্রাসাদ অ্যান্টিলিয়াতে সম্পন্ন হয়েছে অনন্ত-রাধিকার গায়ে হলুদের অনুষ্ঠান। যেখান থেকে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে রাধিকা মার্চেন্টের বেশকিছু ছবি। যেখানে রাধিকার সাজ দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা।

উজ্জ্বল হলুদ রঙের লেহেঙ্গা পড়ে হাসিমুখে বসে আছেন নববধূ। ওড়না ফেলা গায়ে, সূক্ষ্ম সেই ওড়না রাশি রাশি ফুল দিয়ে তৈরি। যেন সূর্যরশ্মি, তাতে ফুলের সুরভি। কিন্তু সূর্যের মতো উজ্জ্বল আবার ফুলের মতো স্নিগ্ধ রাধিকার এই সাজের নেপথ্যে কে জানেন কি?
জানা গিয়েছে, সেলিব্রেটি ফ্যাশন স্টাইলিস্ট রিয়া কাপুর তাকে সাজিয়েছিলেন গায়ে হলুদে। পরনের হলুদ এমব্রয়ডারি করা লেহেঙ্গাটি ডিজাইন করেছেন অনামিকা খান্না। তবে রাধিকার লেহেঙ্গার সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয়টি ছিল তার পরনের ওড়নাটি।

গায়ে হলুদে ফুলের গয়না পরার চল বেশ কয়েক বছর ধরেই ফ্যাশনে ‘ইন’। তবে রাধিকার গায়ে হলুদ উপলক্ষে তার ওড়নাটিই তৈরি করা হয়েছিল তাজা ফুল দিয়ে। বেলিফুলের কুঁড়ি দিয়ে নকশা করা ছিল গোটা ওড়নাটি আর বর্ডারে ছিল গাঁদা ফুলের কারুকাজ। যেখানে ওড়নাটির পাড় সাজানো হয়েছিল ৯০ এর বেশি গাঁদাফুল দিয়ে। আর এই ওড়নাটি ড্রেপিংয়ের দায়িত্বে ছিলেন ড্রেপিং শিল্পী ডলি জৈন।

এদিন পোশাকের সঙ্গে মানানসই ফুলের গয়নাতে সেজেছিলেন রাধিকা। কানে ফুলের দুল, গলায় হার, হাতে হাতপদ্ম। রাধিকার সাজ ছিমছাম হলেও তাতে ছিল রাজকীয় ছোঁয়া।

রাধিকা কখনোই খুব বেশি মেকআপ করতে পছন্দ করেন না। হলুদ লেহেঙ্গার সঙ্গেও একেবারে হালকা মেকআপ করেছিলেন তিনি। উইঙ্গড আইলাইনার, শিমারিং আইশ্যাডো, লিকুইড হাইলাইটার, ছোট কালো টিপ আর হালকা গোলাপি রঙের লিপস্টিকেই সাজ সেরেছিলেন রাধিকা।
আগামী ১২ জুলাই অনন্ত-রাধিকার বিয়ে। পুরো বিশ্ব এখন দেখার অপেক্ষায় বিশেষ সেই দিনে কেমন সাজে ধরা দেন ধনকুবের আম্বানীদের হবু ছোট বৌমা।







