একযুগের প্রেম, সিঙ্গাপুরে বিয়ে: পর্নাকে ৫০ ভরি স্বর্ণ উপহার
বরপক্ষের কাছ থেকে ৫০ ভরি স্বর্ণ পেয়েছেন গায়িকা পর্না

দীর্ঘ একযুগের প্রেম অবশেষে পরিণয়ে রূপ নিল। প্রেমিক ব্যবসায়ী রাজীব চন্দ্রকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পর্না দাস। গত ২১ অক্টোবর দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে সিঙ্গাপুরে ধর্মীয় রীতিতে পর্না-রাজীবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এই বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান পর্না। সিঙ্গাপুর থেকে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমাদের দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আগামীতে দেশে বড় আয়োজন করে কাছের মানুষ ও স্বজনদের নিয়ে মেহেদি, হলুদ এবং বিয়ের অনুষ্ঠান করা হবে। সবার কাছে আমাদের আশীর্বাদ কামনা রইল।
এর আগে গত ২৮ আগস্ট মালদ্বীপের একটি রিসোর্টে ঘরোয়া আয়োজনে পর্না-রাজীবের বাগদান অনুষ্ঠিত হয়। তখন তারা জানিয়েছিলেন, অক্টোবরে বিয়ে করবেন। অবশেষে সেই পরিকল্পনা অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারা।

পর্না জানান, তার স্বামী রাজীব চন্দ্র পেশায় একজন ব্যবসায়ী। তিনি সিঙ্গাপুরে বসবাস করেন।
পর্না বলেন, আমি সিঙ্গাপুরে স্থায়ী হব না। দেশে থেকে গান নিয়ে কাজ করতে চাই। তবে সিঙ্গাপুরে যাতায়াতের মধ্যেই থাকতে হবে। তাছাড়া ব্যবসার কাজে রাজীবকে বিভিন্ন দেশে যেতে হয়। আমিও প্রচুর ভ্রমণ করতে পছন্দ করি। নতুন জীবনে দুজনেরই দারুণ সময় কাটছে।
বাগদানে হীরার আংটি পেয়েছিলেন পর্না। বিয়েতে কী উপহার পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, “বরের পক্ষ থেকে ৫০ ভরি স্বর্ণ দেওয়া হয়েছে। বিয়েতে যে গয়না পরেছি, সবই স্বর্ণ।
সংগীত পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই গানের পরিবেশে বেড়ে উঠেছেন পর্না দাস। তাঁর বাবা ও দাদা তবলা বাজাতেন। মেয়েকে সংগীতশিল্পী হিসেবে দেখতে চেয়েছিলেন তাঁর মা-বাবা। সেই স্বপ্ন পূরণে এখনো কাজ করে যাচ্ছেন পর্না।

রবীন্দ্রসংগীতের মাধ্যমে গানের জগতে তার হাতেখড়ি। পরে কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর কাছে গানের তালিম নেওয়া শুরু করেন তিনি।
২০১৬ সালে প্রকাশিত হয় পর্নার প্রথম মৌলিক গান ‘প্রিয়া রে’। এরপর বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে নিয়মিত গান করতে শুরু করেন তিনি।
বলিউডের উদিত নারায়ণ, কুমার শানু ও শানের সঙ্গে দ্বৈত গানেও কণ্ঠ দিয়েছেন পর্না। এ ছাড়া ‘রেডিও’ চলচ্চিত্রেও গান করেছেন তিনি।





