ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ২০ নভেম্বর দুপুরের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, দক্ষিণ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৫টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টির কেন্দ্র ছিল ১২ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৫ দশমিক ৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি ভারতের চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে এবং বিশাখাপত্তম থেকে প্রায় ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (জেটিডব্লিউসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্রের অবস্থান ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৭ দশমিক ২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এ সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭৪ কিলোমিটার।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে এবং ১৯ নভেম্বরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে নেল্লোর ও টুনি এলাকার মধ্যবর্তী স্থানে আঘাত হানতে পারে।
উল্লেখ্য, ‘আকভান’ নামটি ভারতের প্রস্তাবিত। বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের নির্ধারিত তালিকা থেকে নামটি দেওয়া হয়েছে।





