এখনও হাতে নেই ম্যাচ, কী পরিকল্পনা লিটন-শান্তদের
জোহানেসবার্গ টেস্ট

দ্বিতীয় দিনের শেষটা সমানে সমান লড়ে শেষ করেছে বাংলাদেশ-সাউথ আফ্রিকা। জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে প্রোটিয়াদের হাতে এখনও আছে ৬ উইকেট। টিম টাইগার্স এগিয় কেবল ১১৩ রানে। তৃতীয় দিনে কোন দলের দিকে মোড় নেবে ম্যাচ, নির্ভর করবে দুদলের পরিকল্পনা ও প্রয়োগের উপর। লিটনের মতে বোর্ডে বেশি একটা রান নেই বাংলাদেশের, সেটা মাথায় রেখেই আগাতে হবে।
দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে রোববার আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১০১.২ ওভারে ৪০০ রানে থামে প্রথম ইনিংস। ব্যাটে নেমে নেমে ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সাউথ আফ্রিকা। দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন দুর্দান্ত সেঞ্চুরি করা লিটন।
উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘এখন যে খেলার কন্ডিশন আছে, মনে হয় না আমাদের খুব একটা বেশি রান আছে বোর্ডে। ১০০-১২০ মাত্র। যদি তৃতীয় দিনে দ্রুত ২/৩টা উইকেট নিতে পারি, দৃশ্যপট ভিন্ন হবে। কিন্তু যদি উইকেট না নিতে পারি, আমাদের একটু কষ্ট করতে হবে। খেলা যেন একটু লম্বা যায় এবং রান যেন বেশি না দেই, সেই একটা লক্ষ্য থাকবে।’
‘অবশ্যই আমাদের পরিকল্পনা এখন উইকেটই নিতে হবে, তাদের অলআউট করতেই হবে। সাথে একই মুহূর্তে রান বেশি না দেয়ার চেষ্টা করতে হবে। যদি বেশি রান দিয়ে ফেলি, লিড অনেক উপরে চলে যাবে।’
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। টেম্বা বাভুমা ১৯ রানে এবং রায়ান রিকেলটন ৭ রানে দিন শুরু করবেন।





