জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ উপভোগের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলতে রাজধানীর নয় স্থানে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা পোস্টে বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
জায়ান্ট স্ক্রিন যেসব স্থানে বসানো হয়েছে সেসব জায়গার নাম উল্লেখ করে মেয়র লিখেছেন, ফুটবল বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলতে আমরা ডিএনসিসির বিভিন্ন এলাকায় স্থাপন করেছি জায়ান্ট স্ক্রিন! হাজারো মানুষের উচ্ছ্বাস এক সাথে, খেলার আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে।
যেসব স্থানে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে সেগুলো হল- রবীন্দ্র সরণী (উত্তরা), মানিক মিয়া এভিনিউ, মুজিব চত্বর (হাতিরঝিল, মধুবাগ), নগর ভবন (গুলশান-২), বসিলা (লাউতলা ক্যানেল), প্যারিস রোড (মিরপুর-১১), কাঞ্চুকুরা কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও (তালতলা মার্কেট)।







