গাড়ি দুর্ঘটনায় দীর্ঘদিন খেলার বাইরে ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশভ পান্ট। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি আত্মবিশ্বাসী, এ মৌসুমে সব ম্যাচ খেলতে পারবেন। এ তথ্য জানিয়েছেন দলটির কোচ রিকি পন্টিং। তবে পুরো আসরে অধিনায়কের দায়িত্ব পালন করতে পারবেন কিনা, তা নিয়ে সন্দিহান সাবেক অজি ক্রিকেটার।
২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার পর থেকে মাঠের বাইরে ২৬ বর্ষী বাঁহাতি এ তারকা। সেই সময় তিনি এমনও ভেবেছিলেন ‘তার সময় শেষ হয়ে গেছে।’ তবে দিল্লির কোচ বলছেন, ফিরে আসার পর পান্ট যতটুকু দিতে পারবেন, সেটাই তাদের জন্য বোনাস হবে। পন্টিং এও নিশ্চিত করেছেন, পান্ট না থাকলে ডেভিড ওয়ার্নার হবেন অধিনায়ক।
পন্টিং বলেন, ‘রিশভ আত্মবিশ্বাসী সে সুস্থ হয়ে খেলায় ফিরতে যাচ্ছে। কিন্তু তার সক্ষমতা কতটুকু, সেটা এখনও নিশ্চিত নই আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখবেন, সে ভালো আছে এবং সুস্থ হতে চলেছে।’
‘কিন্তু আমরা আসরের প্রথম ম্যাচ থেকে মাত্র ছয় সপ্তাহ দূরে আছি। সুতরাং আমরা নিশ্চিত নই এ বছর আমরা তার থেকে উইকেটকিপিং পাব কিনা। কিন্তু আমি নিশ্চিত এখন যদি জিজ্ঞেস করি সে বলবে, আমি প্রতিটি ম্যাচ খেলব। প্রতিটি ম্যাচে কিপিং করব এবং চারে ব্যাট করব। সেটাই সে পছন্দ করে।’
‘সে দারুণ ছন্দে থাকা একজন খেলোয়াড়। অবশ্যই আমাদের অধিনায়ক। গত বছর আমরা তাকে অনেক মিস করেছি। এটা অনেক বড় দুর্ঘটনা ছিল এবং সে সৌভাগ্যবান যে বেঁচে গেছে।’







