পিএসজির জয়ে ফেরার দিনে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন স্ট্রেচারে করে। চোটের গভীরতা না জানা গেলেও শঙ্কা জেগেছে চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড ষোলোর ফিরতি লেগে বায়ার্নের বিপক্ষে ম্যাচে ফেরা নিয়ে।
রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানে ঘরের মাঠে লিলকে ৪-৩ গোলে হারায় পিএসজি। ম্যাচে মেসি-এমবাপের পাশাপাশি নেইমারও গোল পেয়েছেন। করেছেন এক এসিস্টও। ৫১ মিনিটে বেঞ্জামিন আন্দ্রের ট্যাকেলে চোট পান নেইমার। তীব্র ব্যথায় মাঠ ছেড়েছিলেন স্ট্রেচারে।
কাতার বিশ্বকাপেওে একই জায়গায় চোট পেয়েছিলেন নেইমার। চোট কাটিয়ে ফেরার কয়েক মাসের মধ্যেই পুনরায় চোট পাওয়া শঙ্কা জাগিয়েছে পিএসজি দলে। ৮ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে ফেরতি লেগে নেইমারের খেলাটা এখন অনেকটাই অনিশ্চিত। প্রথম লেগে জার্মান জায়ান্টদের কাছে ১-০ গোলে হেরেছিল পিএসজি।
বায়ার্ন ম্যাচের আগে লিগ ওয়ানের দুই ম্যাচে নেইমার থাকছেন না অনেকটাই নিশ্চিত। ২৭ ফেব্রুয়ারি মার্শেই ও ৫ মার্চ নঁতের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান তারকা হয়তো সময় কাটাবেন ডাগআউটে।
নেইমারের চোট নিয়ে এখনো কিছু জানায়নি ফরাসি জায়ান্টরা। ক্লাবটি বিবৃতি দিলে জানা যাবে কতদিনের বিশ্রামে থাকতে হবে সেলেসাও ফরোয়ার্ডের।








