সম্প্রতি পাহাড়ে আদিবাসীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ ও সমাবেশ করেছে চিটাগাং হিল ট্র্যাক্সটস ইন্ডিজেনাস জুম্ম অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া ও সিডনী জুম্ম কমিউনিটি।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনী ও সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী এডিলেইডে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন নেপালিস ইন্ডিজনাস ফেডারেশন, গারো সোসাইটি অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রেলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ, রাখাইন কমিউনিটি অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা।
এছাড়া যুগপৎ বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এডিলেইডের সাউথ অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসময় আন্দোলনকারীরা কালো মাস্ক পরে আদিবাসীদের উপর সংঘটিত হত্যা ও হামলার শোক ও প্রতিবাদ জানান।
এই কর্মসূচির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। এসময় তারা জড়িতদের বিচারের আওয়তায় আনা, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ ৭ দফা দাবি জানান।







