দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বয়কট করে রাজধানীতে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির শতাধিক নেতাকর্মী।
বৃহস্পতিবার ১৬ নভেম্বর দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। এসময় ফারুক হাসান বলেন, আমরা এই ভোটারবিহীন আওয়ামী সরকারের মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের দেওয়া অবৈধ তফসিল বয়কট করলাম।
তিনি বলেন, দেশের মানুষ এই তফসিল মানে না মানবে না। এই আওয়ামী সরকার আজকে এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পরেছে যে তারা এখন লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতো আচরণ শুরু করেছে।
তিনি বলেন, বিরোধী রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ কৃষক শ্রমিক কেউই রেহাই পাচ্ছে না। আমার শ্রমিক ভাইদের রক্ত এবং ঘামে শেখ হাসিনা আজ গণভবনে বিলাসী জীবন উৎযাপন করছেন। শ্রমিকদের টাকায় অবৈধ সরকারের এমপি মন্ত্রীগণ আজ দেশে বিদেশে আমোদ ফুর্তি করছেন।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল অব. মিয়া মসিউজ্জামান বলেন, আমরা এদেশের গর্বিত সন্তান, দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করেছি; কিন্তু আমার জীবন এমন নির্লজ্জ সরকার কখনোই দেখিনি। আমরা গণঅধিকার পরিষদ এই অবৈধ সরকারের দেওয়া অবৈধ তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।
গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, এই সরকার এখন পুলিশ আর র্যাব দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকারের এই পুলিশ বাহিনীর ভয়ে আমরা আন্দোলন বন্ধ করবো না। আজকে আওয়ামী সরকার পুলিশকে ব্যবহার করে শুধু বিরোধী দলগুলোর নেতাকর্মী নয়, শ্রমিকদের বুকে গুলি চালিয়ে ঝাঁজরা করে দিচ্ছে। কোন আন্দোলনই সহ্য করতে পারছে না ভোটারবিহীন সরকার। আমাদের সংগ্রাম ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, শেখ হাসিনার অধীনে নির্বাচনে মানুষ ভোট দিতে ভয় পায়। মানুষ জীবন শঙ্কায় থাকে। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে একটা নির্বাচন হতে পারে না। কেবল তত্ত্বাবধায়ক সরকারই পারে একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন আয়োজন করতে।
সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদ নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণনেতা অধ্যাপক মাহবুব হোসেন, অ্যাডভোকেট শিরিন আকতার, আরিফ বিল্লাহ; যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন; ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদসহ প্রমূখ।








