আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ৫ বছর পর আজ বরিশাল সফর করবেন।
আজ ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় বরিশাল বিভাগীয় শহরের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আকাশপথে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
তার সফরকে কেন্দ্র করে বরিশাল জেলার পাশাপাশি পুরো বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।
স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।
শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বরিশাল শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ১ সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরিশাল থেকে প্রধানমন্ত্রী আজ বিকেলে গোপালগঞ্জ যাবেন। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।







