বিদেশি স্কিমের ওপর নির্ভরতা কমিয়ে আনতে জাতীয় কার্ড স্কিম ‘টাকা পে’ (Taka pay) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, টাকা পে’র মাধ্যমে ক্যাশলেস সোসাইটির পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। লেনদেন ক্যাশলেস হলে দুর্নীতিও কমে আসবে।
আজ (১ নভেম্বর) বুধবার গণভবন থেকে অনলাইনে ভিসা ও মাস্টার কার্ডের অনুরূপ বাংলাদেশের নিজস্ব জাতীয় ডেবিট কার্ড ‘টাকা পে কার্ড’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে এক কার্ডেই মিলবে একাধিক ব্যাংক থেকে টাকা উত্তোলনসহ নানা সেবা গ্রহণের সুবিধা। অচিরেই দেশের বাইরেও এই কার্ড ব্যবহার করে লেনদেন করা যাবে। এতে গ্রাহকদের ভোগান্তি কমার পাশাপাশি চার্জ ও বিভিন্ন ধরণের ফিও কমে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশের সেবা ধাপে ধাপে মানুষের কাছে পৌঁছেছে। বর্তমান সরকারের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। সেই পথে প্রথমবারের মতো চালু হওয়া এই কার্ড স্কিম নতুন মাইলফলক। ক্যাশলেস সোসাইটির পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। লেনদেন ক্যাশলেস হলে সমাজ থেকে দুর্নীতিও কমে আসবে।
নিজস্ব কার্ড স্কিম টাকা পে’র সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর ব্যবহার যাতে সবাই করতে পারেন সেই সুযোগ নিশ্চিত করতে হবে।







