গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে একজন গ্রাম পুলিশ সদস্য মাসিক ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশের প্রধান ১১ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার। নতুন এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে এই ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, গ্রাম পুলিশ সদস্যদের বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ সাধারণ সদস্যদের মাসিক বেতন বেড়েছে ৩ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তাদের বেতন বেড়েছে ৩ হাজার টাকা।
বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের জন্য আরও কিছু সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এখন থেকে প্রত্যেক সদস্য মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল পাবেন। একই সঙ্গে তাদের অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। তবে এসব ভাতা কত টাকা করে বাড়ানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
দেশের সব জেলা থেকে গ্রাম পুলিশ সদস্যদের এই মহাসমাবেশে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। নির্ধারিত পোশাক পরে সকাল ৮টার মধ্যে তাদের সমাবেশস্থলে উপস্থিত হতে বলা হয়ে।






