আন্তর্জাতিক

সাবেক স্বামী ও তার প্রেমিকাকে গুলি করে হত্যা

সাবেক স্বামী ও তার প্রেমিকাকে গুলি করে হত্যা

গ্রেস এজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে সাবেক স্বামী ও তার প্রেমিকাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ৭৬ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেস এজ নামের ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন তার সাবেক স্বামী ৭৫ বছর বয়সী ওয়ালেস ট্রুম্যান এজ এবং ওয়ালেসের ৪০ বছর বয়সী প্রেমিকা পামেলা কুক।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিওসি-এর প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোমবার বিকেলে জর্জিয়ার টুম্বস কাউন্টির উভালডা এলাকার ম্যাকনাট ফলস রোডে একটি ট্রেলার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, গ্রেস এজ ওই বাড়িতে ঢুকে গুলি চালান। এতে ওয়ালেস ও পামেলা মোট চারটি গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন পামেলার ৫৫ বছর বয়সী মা ডায়ান কুক। হামলার সময় তিনি জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। এ সময় তার হাতেও গুলি লাগে।

ডব্লিউটিওসির প্রতিবেদন অনুযায়ী, জরুরি সেবার কর্মীর সঙ্গে ফোনে কথা বলার সময় ডায়ান জানান, এক নারী বাড়িতে ঢুকে গুলি চালাতে শুরু করেছেন। গুলি চালানোর আগে তাদের মধ্যে কোনো কথা-কাটাকাটি বা তর্ক হয়নি বলেও তিনি জানান।

তদন্তকারীরা জানিয়েছেন, গ্রেস এজ ও তার সাবেক স্বামীর বিবাহবিচ্ছেদ হয়েছিল এক দশকেরও বেশি সময় আগে। তবে এরপরও তাদের মধ্যে মাঝেমধ্যে সম্পর্ক বজায় ছিল। সম্প্রতি ওয়ালেস ৪০ বছর বয়সী পামেলা কুকের সঙ্গে সম্পর্কে জড়ালে পরিস্থিতির পরিবর্তন ঘটে বলে জানা গেছে।

টুম্বস কাউন্টির শেরিফ জর্ডান কাইট ডব্লিউটিওসিকে বলেন, ‘মি. এজ পামেলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। আমরা যে তথ্য পেয়েছি, তাতে মনে হচ্ছে গ্রেস এই সম্পর্কটি মেনে নিতে পারছিলেন না।’

গুলি চালানোর ঘটনার কিছুক্ষণ পরই গ্রেস এজকে আটক করা হয়। এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ঘটনার পর তিনি সরাসরি শেরিফের কার্যালয়ে গিয়ে থাকতে পারেন বলে তদন্তকারীরা ধারণা করছেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এর আগে সাবেক এই দম্পতি পারিবারিক বিরোধসহ বিভিন্ন অভিযোগে একে অপরের বিরুদ্ধে একাধিকবার পুলিশকে ফোন করেছিলেন। তবে আগের এসব অভিযোগের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ ঘটনায় গ্রেস এজের বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্বেষপ্রসূত হত্যার দুটি অভিযোগ, হত্যা-সংক্রান্ত দুটি অভিযোগ এবং গুরুতর হামলার তিনটি অভিযোগ।

বর্তমানে তাকে টুম্বস কাউন্টি ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে।

বিষয়:৭৬ বছর বয়সী নারী গুলিবিদ্ধ প্রেমিকাকে গুলি করে হত্যা সাবেক স্বামী ও তার প্রেমিকাকে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…