সকল রাজনীতিদকে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে সমাজ কিংবা এলাকার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, “হাওর এলাকার কিছুটা পরিবর্তন আনতে পেরেছি। কোনো সরকারের আমলেই ব্যক্তির জন্য কিছু চাইনি। প্রতিটি রাজনীতিবিদ যদি এরকম মন-মানসিকতা পোষণ করেন, তাহলে অবশ্যই এলাকার উন্নয়ন হবে।”
রোববার (১২ মার্চ) বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন। এসময় তিনি রাজনৈতিক জীবন থেকে শুরু করে, জাতীয় সংসদের স্পিকার, বঙ্গভবনের জীবন এবং সাংবাদিকদের সঙ্গে তার সম্পর্কসহ নানা ইস্যুতে কথা বলেন।
সুদীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘সারাজীবন সততার সাথে রাজনীতি করেছি, ৬৪ বছরের জীবনে সাংবাদিকদের কাছ থেকে আমার জন্য নেগেটিভ কিছু পাইনি, অনেক সহযোগিতা পেয়েছি; সংবাদ কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ।’
রাজনীতিতে তৃণমূল থেকে উঠে এসে সংসদে স্পিকারের পদ পেরিয়ে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে বিদায় নিতে চলেছেন মো. আবদুল হামিদ। টানা দু’মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের আগামী ২৪ এপ্রিল বঙ্গভবনে তার মেয়াদ পূর্ণ করবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব নেবেন।
অবসর নেওয়ার পর ঢাকার নিকুঞ্জের বাড়িতে থাকার ইঙ্গিত দেন আবদুল হামিদ, সেখানে সাংবাদিকদের যাওয়ারও আমন্ত্রণ জানান তিনি। এসময় তিনি বলেন, মাঝে মধ্যে কেউ এলে আমার সময়টা ভালো কাটবে। আর এখনকার মতো তখন তো এই আসা যাওয়ার বাধাটা থাকবে না। একেবারে ফ্রি স্টাইল হয়ে যাবে। আমিও আপনাদের মতো হয়ে যাবো। সমস্যা থাকবে না।
রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন থেকে অবসরের পর আর কোন পদ নেওয়া উচিৎ নয় বলেও জানান তিনি।







