ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে লিভারপুল। উত্তেজনার পারদ ছড়িয়ে ম্যাচের শেষ মুহূর্তে এসে জয় পায় ইয়ূর্গেন ক্লপের দল। সেই ম্যাচে উদযাপন করতে পেশিতে চোট পান ক্লপ সঙ্গে হলুদ কার্ডও দেখেন অলরেড বস।
অ্যানফিল্ডে রোববার রাতের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত দুর্দান্ত এক রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করেন দর্শকরা।
প্রথম ১৫ মিনিটে স্পার্সদের জালে তিন গোল দিয়ে এগিয়ে যায় লিভারপুল। পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম। স্পার্সদের হয়ে ৪০ ও ৭৭ মিনিটে দুটি গোল করেন হ্যারি কেন ও সন হিউং মিন। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে খেলার মোড় ঘুরিয়ে দেন ব্রাজিলীয় ফরোয়ার্ড রিচার্লিসন। তার গোলে সমতায় ফিরে টটেনহ্যাম।
তবে এক মিনিটের মধ্যেই অলরেডদের হয়ে জয়সূচক গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়াগো জোতা। লিভারপুলের হয়ে অন্য তিনটি গোল করেন কার্টিস জোন্স, মোহাম্মাদ সালাহ ও লুইস দিয়াজ।
জোতার গোলের পর দৌড়ে উদযাপন করতে গিয়েই চোটে পড়েন ক্লপ। ফোর্থ অফিসিয়ালের সামনে সেই উদযাপন কারণে হলুদ কার্ডও দেখান রেফারি। ম্যাচ শেষে চোট নিয়ে কোচ নিজেই জানান, মাত্রা ছাড়ানোর শাস্তি পেয়েছেন তিনি।
৫৫ বর্ষী ক্লপ বলেন, ‘আমার মনে হয় এটা হ্যামস্ট্রিংয়ের চোট। অন্য কিছু হলেও হতে পারে। কিন্তু পেশির অবস্থা খুব বেশি ভালো নয়। ঠিকভাবে আচরণ করতে না পারার উপযুক্ত শাস্তি পেয়েছি।’
এ জয়ে জয়ে ৩৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে লিভারপুল। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম নেমে গেছে ছয়ে। লিভারপুলের সমান ম্যাচ খেলে ৯ পয়েন্ট বেশি নিয়ে তিনে নিউক্যাসেল ইউনাইটেড। তাদের চেয়ে আর এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট বেশি নিয়ে চারে ম্যানচেস্টার ইউনাইটেড।








