৫০ বছর পর পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১

ছবি: সংগৃহীত।
মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক অর্জন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, ১৯৭৭ সালে উৎক্ষেপণের প্রায় ৫০ বছর পর বুধবার এই মাইলফলক অর্জন করে মহাকাশযানটি।
নাসার তথ্য অনুযায়ী, পৃথিবী থেকে এক আলোকদিবস দূরত্বে পৌঁছেছে মানবসৃষ্ট সবচেয়ে দূরবর্তী মহাকাশযান ভয়েজার-১। বর্তমানে এটি পৃথিবী থেকে প্রায় ২৬ বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। এক আলোকদিন হলো আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে। ফলে পৃথিবী থেকে পাঠানো কোনো বার্তা ভয়েজার-১-এর কাছে পৌঁছাতে এক দিন লাগে। আবার সেখান থেকে উত্তর আসতেও সময় লাগে আরও এক দিন।
নাসার বিজ্ঞানী টিফানি কাটারিয়া বলেন, মহাকাশ কতটা বিশাল, ভয়েজার-১-এর এই যাত্রা তার বড় উদাহরণ। অন্য নক্ষত্রব্যবস্থায় পৌঁছানোর স্বপ্ন দেখলেও নিজেদের সৌরজগতের প্রান্তে পৌঁছাতেই মহাকাশযানটির প্রায় ৫০ বছর লেগেছে।
১৯৭৭ সালে উৎক্ষেপণ করা ভয়েজার-১ ও এর যমজ মহাকাশযান ভয়েজার-২ এখন পর্যন্ত আন্তঃনাক্ষত্রিক মহাকাশে পৌঁছানো একমাত্র মহাকাশযান। নাসার ধারণা ভয়েজার-২, ২০৩৫ সালে এক আলোকদিন দূরত্বে পৌঁছাবে।
শক্তি সাশ্রয়ের জন্য ভয়েজার-১-এর ক্যামেরাসহ কয়েকটি যন্ত্র বন্ধ রাখা হয়েছে। তবে এটি এখনো মহাকাশের চৌম্বকক্ষেত্র, গ্যাস ও ধূলিকণাসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাঠাচ্ছে।
মহাকাশযান দুটিতে রয়েছে ‘গোল্ডেন রেকর্ড’ নামে সোনার প্রলেপ দেওয়া তামার ডিস্ক। এতে পৃথিবী ও মানবসভ্যতার পরিচয় তুলে ধরা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ভিনগ্রহের প্রাণী এগুলো খুঁজে পেলে পৃথিবী সম্পর্কে জানতে পারে।
দীর্ঘ যাত্রায় ভয়েজার মহাকাশযান দুটি বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ অনুসন্ধান করেছে। ভয়েজার-১-এর পাঠানো ছবিতে প্রথমবারের মতো বৃহস্পতির বলয়ের অস্তিত্বও ধরা পড়ে।





