সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

জোহানেসবার্গে প্রথম টেস্টে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন সাউথ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছিটকে গেছেন তিনি। আগামী সোমবার সেঞ্চুরিয়নে গড়াবে সিরিজের শেষ টেস্টটি। নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটে জিতে সিরিজে ১-০তে এগিয়ে প্রোটিয়ারা।
প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে ডান পায়ের কাফে গুরুতর চোট পান প্রোটিয়া টেস্ট অধিনায়ক। মাঠে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অস্বস্তি নিয়ে ৪৯ রান করার পর ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ড্রেসিংরুমে ফিরে যান। পরে যদিও আবার ব্যাটে নামেন। ৬৮ রানে অপরাজিত থাকেন। শেষে ছিটকেই গেলেন পরের টেস্ট থেকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাভুমা জানান ছিটকে যাওয়ার কথা। বলেছেন, ‘এমন পরিস্থিতিতে পড়ে স্বাভাবিকভাবেই হতাশ। তবে মনে হয়, এটি খেলারই একটি বড় অংশ। মেডিকেল টিমের তত্ত্বাবধানে চোটের বিষয়টি সামলে নেয়ার চেষ্টা চালিয়ে যাব। এটি হয়তো নিজেকে নতুন করে গুছিয়ে নেয়ার একটি সুযোগ। একজন ব্যাটার হিসেবে এখন কোথায় দাঁড়িয়ে আছি, তা ভেবে দেখার সময়। কী কী ভালো করছি, দলই বা কী কী ভালো করছে, এসব নিয়ে ভেবে ডিসেম্বরের চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করার সুযোগ পাব।’
বাভুমা কবে নাগাদ সুস্থ হয়ে উঠবেন কোন নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি। জানিয়েছেন এখনও চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি। চিকিৎসকদের ইঙ্গিত, ১৭ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে গড়াতে চলা টেস্ট সিরিজের আগে পুরোপুরি ফিট হওয়ার সম্ভাবনা কমই তার।






