নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর লালবাগে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা, আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ ওরফে মিজ্জু, লালবাগ থানা আওয়ামী যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন ও মো. আপেল মাহমুদ এবং যুবলীগ নেতা ও ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবিএম টিটু।
লালবাগ থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে লালবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন ও অর্থায়নে সহায়তা করেছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





