ব্যর্থতার গল্প থেকে বেড়িয়ে আসতে যা কিছু করতে হতো, সেসবের কিছুই পারল না ম্যানচেস্টার সিটি। বিবর্ণ পারফরম্যান্সে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। অধিপত্য দেখিয়ে শেষপর্যন্ত জয় তুলে নিয়েছে লিভারপুল। সবশেষ সাত ম্যাচে ষষ্ঠ হার ও এক ড্র, আর প্রিমিয়ার লিগে পেপ গার্দিওলার দল হারল টানা চার ম্যাচে। ২০০৮ সালের পর এই প্রথম লিগে টানা চার হার তাদের।
অ্যানফিল্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে ২-০তে জিতেছে আর্নে স্লটের দল। কোডি গ্যাপকো স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মেদ সালাহ।
হারে শিরোপা জয়ের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে টানা চারবারের প্রিমিয়ার লিগজয়ী ম্যানসিটি। ১৩ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৩৪, ম্যানসিটির ২৩। পাঁচ নম্বরে নেমে এখনই পিছিয়ে ১১ পয়েন্টে।
এমন দুর্দশার মাঝে লিভারপুল সমর্থকরা মাঠেই স্লোগান ধরেছিলেন, ‘সকালেই চাকরি হারাতে চলেছেন গার্দিওলা।’ তাতে মেজাজ ধরে রাখতে পারেননি এ কোচ। দর্শকদের ছয়টা আঙুল দেখান তিনি, এর অর্থ ম্যানসিটির হয়ে জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ।
ম্যাচ শেষে স্পেনিয়ার্ড কোচ বলেছেন, ‘তাদের (লিভারপুল) অভিনন্দন জানাই। কিন্তু আমাদের নতুন করে সব শুরু করতে হবে, একেবারে শূন্য থেকে। কিন্তু এটি বিশ্বাস করাও এখন কঠিন। আমরা আবার শুরু করব এবং চেষ্টা করব ভালো করার। এই মহূর্তে বাস্তবতাকে মেনে নিতে হবে। এখন চাওয়া একটাই, আগের সেই দল এবং খেলোয়াড়দের ফিরে পেতে চাই।’
‘দিন শেষে খেলোয়াড়দের উপরই আমাকে নির্ভর করতে হয়। জানি তারা এখন কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। দেখা যাক মৌসুমের শেষ নাগাদ কী হয়। দেখি অবস্থা থেকে ফিরে আসা যায় কিনা। হয়ত আমাকে বলতে পারেন আমি বিভ্রান্তিকর কথা বলছি। কিন্তু এই দল অনেককিছুই করতে পারে।’







