নিজের ভাড়া বাড়িতে খুন হলেন ২১ বছর বয়সী ভারতীয় মডেল মুসকান। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযোগের তীর এক জিম প্রশিক্ষকের দিকে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুসকান ওই ফ্ল্যাটে একাই থাকতেন। বুধবার সন্ধ্যায়ও তিনি বাড়িতে একা ছিলেন। সে সময় ওই জিম প্রশিক্ষক তার ফ্ল্যাটে গিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
প্রতিবেশীদের দাবি, ফ্ল্যাটের ভেতর থেকে মুসকানের চিৎকার শুনতে পেয়েছিলেন তারা। পরে কয়েকজন প্রতিবেশী সেখানে পৌঁছালে জিম প্রশিক্ষককে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায় বলে অভিযোগ।
ফ্ল্যাটের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন মুসকান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই জিম প্রশিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারতের দিল্লি পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার অভিষেক গুপ্ত জানিয়েছেন, তদন্তের স্বার্থে ওই ব্যক্তির জিম ও বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি তার পরিবারের সদস্য ও বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তকারীরা পশ্চিম দিল্লির তিলকনগরের নিউ মহাবীর নগর এলাকার ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। প্রতিবেশীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মুসকান এবং ওই জিম প্রশিক্ষক গত দেড় বছর ধরে একে অপরকে চিনতেন। পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মুসকানকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।









