ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে যে বার্তা দিয়ে রাখলেন মরিনহো

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে যে বার্তা দিয়ে রাখলেন মরিনহো

চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডে আরবি লাইপজিগের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তার আগে নিজের চেনা আগ্রাসী রুপেই ধরা দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। রিয়ালের দায়িত্ব নিয়ে ১০০ দিন কেমন কাটলো, দলের প্রস্তুতি এবং ভিনিসিয়াস জুনিয়র দলে অপরিহার্য কিনা এমনসব প্রশ্নের উত্তর দিয়েছেন মরিনহো।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে জার্মান ক্লাব আরবি লাইপজিগের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

লাইপজিগ প্রসঙ্গে সতর্ক মরিনহো বলেন, ‘লাইপজিগ সেই দল যারা পিএসভিকে হারিয়েছে। তাদের ঝুলিতে তিনটি পয়েন্ট রয়েছে এবং তারা কোয়ালিফাই করতে চায়। আমরা অল্প সময়ের ব্যবধানে তিনটি ম্যাচ জিতেছি এবং শেষ ম্যাচে দারুণ খেলেছি। দল হিসেবে আমরা খুব পরিপূর্ণ।’

‘তবে আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তিনটি ম্যাচ জেতার মানে এই নয় যে, আমরা চতুর্থ ম্যাচটিও জিতে যাব। কাল আমাদের মাঠে নামতে হবে এবং জিততে হবে।’

রিয়ালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ১০০ দিন পার করেছে মরিনহো। এ সংক্রান্ত প্রশ্নে বলেন, ‘আমার মনে হয় আমি এমনভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলাম যাতে বড় কোনো ধাক্কা না পেতে হয়। আমি একদম শূন্য থেকে শুরু করতে চেয়েছিলাম। নিজে সবার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম।’

‘সেই দিক থেকে কোনো বড় চমকের কথা আমি বলব না। যা প্রত্যাশা করেছিলাম ঠিক সেটাই পেয়েছি। আমি এখানে ২০০ দিন বা তিন বছর থাকার টার্গেট নিয়ে আসিনি। আমি এসেছি একটি সুন্দর ভবিষ্যতের ভিত গড়তে, প্রতিদিন নিজের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে।’

দলে ভিনিসিয়াস অপরিহার্য কিনা প্রশ্নে এ পতুগীজ কোচ বলেন, ‘ক্লাবের ব্যাজটাই একমাত্র অপরিহার্য। আমি এই অপরিহার্য খেলোয়াড় ধারণাটি পছন্দ করি না। অধিনায়কের আর্মব্যান্ড বা ক্লাবে কাটানো বছর দিয়ে অপরিহার্য বানানো যায় না, কিংবা তাদের পেছনে কত খরচ করা হয়েছে তা দিয়েও নয়। একজন খেলোয়াড়কে শুধু মাঠের পারফরম্যান্সই অপরিহার্য করে তোলে।’

বিষয়:আরবি লাইপজিগে চ্যাম্পিয়ন্স লিগ ভিনিসিয়ুস জুনিয়র সংবাদ সম্মেলন হোসে মরিনহো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…