গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার ভেড়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার নকুলহাটি গ্রামের মো. আব্দুল মান্নান মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জে ডিএসবি (জেলা গোয়েন্দা) অফিসে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার রাতে সাইফুল ইসলাম এক পুত্র সন্তানের বাবা হয়েছেন বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপালগঞ্জে ডিএসবি অফিসে কর্মরত পুলিশ অফিসার মো. সাইফুল ইসলাম শনিবার সদর উপজেলার আড়পাড়ায় ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহ শেষে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা অফিসে ফিরছিলেন। তার মোটরসাইকেলটি দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জের ভেড়ার বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মো. সাইফুলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।







