সপ্তাহ দুয়েক আগেই ইমেইলে হত্যার হুমকি পেয়েছিলেন ভারত জাতীয় দলের প্রধান কোচ ও সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। এবার ডানহাতি পেসার মোহাম্মদ শামিও একইভাবে হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। পাশাপাশি ১ কোটি রুপিও দাবি করা হয়।
এ ঘটনায় সোমবার উত্তর প্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে মোহাম্মদ শামির ভাই হাসিব এফআইআর দায়ের করেছেন। এফআইআরে অভিযুক্ত হিসেবে রাজপুত সিন্দর নামে একজনকে উল্লেখ করেছেন তিনি।
বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ হয়ে খেলায় ব্যস্ত আছেন। দলটির হয়ে ৯ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন তিনি। তবে কিছুদিন আগেই ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
এর আগে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছিলেন ভারত ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। সঙ্গে কঠোর বার্তা দিয়েছিলেন। ওই সময় তিনিও হত্যার হুমকি পান।







