ক্রিকেট

শেবাগ-দ্রাবিড়ের ছেলে একসাথে ভারতের এশিয়া কাপ দলে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

শেবাগ-দ্রাবিড়ের ছেলে একসাথে ভারতের এশিয়া কাপ দলে

একটা সময় ভারতের ব্যাটিংয়ে একসাথে ভরসার দুই নাম ছিলেন বীরেন্দ্র শেবাগ এবং রাহুল দ্রাবিড়। এবার আন্তর্জাতিক মঞ্চে একসাথে দেখা যাবে তাদের ছেলেকে। নভেম্বরে ওমানে বসতে চলা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অন্বয় দ্রাবিড় এবং আর্যবীর শেবাগ।

ভারতের সাবেক অধিনায়ক-কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় এবং বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর। সম্প্রতি শেষ হওয়া ভিনু মানকড় ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে যুব দলে সুযোগ পেয়েছেন। দুই তরুণ ব্যাটার ঘরোয়া অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন।

১৭ বর্ষী অন্বয় টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরম্যান্স দেখান অক্টোবরের শুরুতে গুজরাটের বিপক্ষে। ১০০ বলে ১৫১ রানের ইনিংস খেলেন। সাধারণত ইনিংসের শেষদিকে দ্রুত রান তোলার দারুণ দক্ষতা দেখিয়েছেন তিনি। চলতি বছর আন্তর্জাতিক মঞ্চে নিজের ছাপ রেখেছেন অন্বয়। জুলাইতে হাম্বানটোটায় শ্রীলঙ্কার বিপক্ষে একটি যুব ওয়ানডেতে ৬৭ বলে ৮৭ রান করেছিলেন।

আর্যবীরও দিল্লির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলে জায়গা নিশ্চিত করেছেন। ১৯ বর্ষী ব্যাটার ভিনু মানকড় ট্রফিতে বিজয়নগ্রামে চণ্ডীগড়ের বিপক্ষে ১৪৩ বলে ১৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন।

আসরে ভারত আছে পাকিস্তান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। প্রতিটি গ্রুপে শীর্ষ দুটি দল সেমিফাইনালে যাবে। মাসকাটে ৫ নভেম্বর গড়াতে চলা আসরে সেমি ১২ নভেম্বর। ফাইনাল দিয়ে পর্দা নামবে ১৪ নভেম্বর।

বিষয়:অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ দ্রাবিড় ভারত শেহবাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…