তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা এএসআই আবদুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে যান।
রোববার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এএসআই আবদুস সাত্তারও একই ফাঁড়িতে কর্মরত।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে আনোয়ার হোসেন ও আবদুস সাত্তার সাদাপোশাকে তথ্য সংগ্রহের জন্য হাশেমবাগ এলাকায় যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ধাওয়া করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন আনোয়ার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পান এএসআই সাত্তার।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, কনস্টেবল আনোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি জানান, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সদস্যদের ওপর হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।





