বিনোদন

শিল্পকলায় ১৮ নভেম্বর মঞ্চস্থ হবে নজরুলের নাটক ‘সেতুবন্ধ

শিল্পকলায় ১৮ নভেম্বর মঞ্চস্থ হবে নজরুলের নাটক ‘সেতুবন্ধ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘সেতুবন্ধ’। আগামী ১৮ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ নাটকটি রচনা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নির্দেশনায় রয়েছেন গোলাম সারোয়ার। নাটকটির প্রযোজনায় রয়েছে বাঁশরি রেপার্টারি থিয়েটার।

 

নাটকটির কাহিনিতে উঠে এসেছে পদ্মা নদীকে কেন্দ্র করে প্রকৃতি ও যন্ত্রদানবের সংঘাত। স্বর্গের দেবী পদ্মা জানতে পারেন, স্বচ্ছ জলরাশির পদ্মা নদীতে বাঁধ নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে যন্ত্রদানবকুল। নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত করে জলাশয় ধ্বংসের এ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেন পদ্মা দেবী।

এ লক্ষ্যে মেঘরাজ, পবনসহ অন্যান্য দেবতার সহায়তা চান তিনি। পদ্মা দেবীর আহ্বানে মেঘদেবী, মেঘরাজ, পবন, ঝঞ্ঝা ও তরঙ্গ সেনাদল নিয়ে এগিয়ে আসেন। শুরু হয় দেবশক্তি ও যন্ত্রদানবকুলের মধ্যে তুমুল লড়াই। একপর্যায়ে বিধ্বস্ত হয় দানবকুলের ষড়যন্ত্র এবং স্বর্গরাজ্যে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

তবে পরাজয়ের মুখেও যন্ত্রদানবের হুমকি থেমে থাকে না। মৃত্যুকাতর কণ্ঠে সে জানায়, তার মৃত্যু নেই, নতুন দেহ নিয়ে আবার ফিরে আসবে। জবাবে পদ্মা দেবী বলেন, যন্ত্রদানব বারবার ফিরে এলেও প্রতিবারই তাকে পরাজিত হয়ে ফিরে যেতে হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে এ আয়োজন।

নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত নাটকটির প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শকেরা বিনা বাধায় এ সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে পারবেন।

বিষয়:কাজী নজরুল ইসলাম নজরুল বর্ষ বাঁশরি রেপর্টারি থিয়েটার মঞ্চ নাটক শিল্পকলা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…