বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলুম, নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং অন্যায় প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে কাজী নজরুল ইসলাম আমাদের শক্তি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যখন আমরা জুলুম-নিপীড়ন ও অত্যাচারের মধ্যে পড়েছি, যখন ফ্যাসিবাদ আমাদের দেশের আকাশে ব্যাপৃত হয়েছে, তখন নজরুল আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছেন।
তিনি বলেন, অন্যায়কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজী নজরুল ইসলাম আমাদের শক্তি। প্রত্যেক আন্দোলন ও বিপ্লবে রাজপথে থেকে ভয়ংকর স্বৈরাচারের পতন ঘটাতে নজরুল আমাদের শক্তি দিয়েছেন।
বিএনপির এই নেতা আরও বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়, তাদের বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে ওঠে, তার প্রধান কেন্দ্র নজরুল।
রিজভী বলেন, দেশে আবারও নজরুলচর্চা শুরু হয়েছে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।









