মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার লিখেছেন, ‘এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি।
সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ঘটনায় ২০ জন নিহতের কথা নিশ্চিত করেছে প্রশাসন কর্তৃপক্ষ। আহত কমপক্ষে ১৭০ পেরিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানান সাকিব। টাইগার কিংবদন্তি লিখেছেন, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।’
‘একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।’
‘আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’ -যোগ করেন সাকিব।
শোক প্রকাশ করেছেন জাতীয় দলের তারকা সাবেক মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘হে আল্লাহ, দয়া করে এই নিষ্পাপ ছোট ছোট ছাত্রছাত্রীদের এবং মানুষকে কঠিন ব্যাথা থেকে রক্ষা করুন এবং স্বস্তি দিন। সকলেই তাদের জন্য প্রার্থনা করুন। সর্বশক্তিমান আল্লাহ তাদের বাবা-মা এবং প্রিয়জনদের ধৈর্য্যধারণের শক্তি দান করুণ।’
আর আগ শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। শোক জানিয়েছেন জাতীয় দলের দুই তারকা সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাস, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ঘটনায় শোক প্রকাশ করেন।








