রাজধানীর মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব কেবলা। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, যিনি বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ আমির ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হিসেবে পরিচিত, এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে একদল দুর্বৃত্ত রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পীর সাহেব কেবলা বলেন, ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার ও বিস্তারে ওলি-আউলিয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন অঞ্চলে তাদের মাজার ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় চর্চার অংশ হিসেবে পরিচিত। কোনো মাজারকে কেন্দ্র করে অনিয়ম, কুসংস্কার বা শরিয়তবিরোধী কর্মকাণ্ড ঘটলে তার দায় মাজারে শায়িত ব্যক্তিদের নয়; বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
তিনি আরও বলেন, কবর জিয়ারত ইসলামে একটি সুন্নতসম্মত আমল এবং আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারতের মাধ্যমে ধর্মীয় অনুপ্রেরণা ও আত্মিক উপকার লাভের বিশ্বাস মুসলমানদের মধ্যে প্রচলিত। তবে মাজারগুলোতে শরিয়তসম্মত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলেও মত দেন তিনি।
বিবৃতিতে তিনি ঢালাওভাবে মাজারকে কেন্দ্র করে নেতিবাচক প্রচারণা না চালানোর আহ্বান জানান এবং ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।







