আন্তর্জাতিক

গোপন সফরে ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর

গোপন সফরে ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরায়েল সফর করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে গত সোমবার এ বৈঠক হয়। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে পেন্টাগন ও ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তাও জানা যায়নি।

এদিকে, আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি নেতানিয়াহুকে সমর্থন জানান। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এটিই দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি তার ‘পূর্ণ ও নি:শর্ত সমর্থন’ রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প লেখেন, বিবি নেতানিয়াহু কখনো আপনাদের হতাশ করবেন না।

তবে জনমত জরিপের পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর ধর্মীয় ও জাতীয়তাবাদী জোট আসন্ন নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। যদিও বিরোধী দলগুলোর পক্ষেও সরকার গঠন করা কঠিন হতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ইসরায়েলের নির্বাচনে তিনি জড়াতে চান না। তার মনোযোগ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে।

এর আগে চলতি বছর হাঙ্গেরির নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে সমর্থন জানিয়েছিলেন ভ্যান্স।

বিষয়:ইসরায়েল সফর পিট হেগসেথ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…