বছর হতে চলেছে কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুর। গত বছর ২৯ ডিসেম্বরে মারা যান ব্রাজিলিয়ান মহাতারকা। এরপর ব্রাজিলিয়ান এক নারী নিজেকে পেলের কন্যা দাবি করেছিলেন। তবে ডিএনএ পরীক্ষা করে জানা গেছে ওই নারী ফুটবল মহানায়কের সন্তান নন।
বার্তাসংস্থা এএফপিকে বিষয়টি জানিয়েছেন পেলের ছেলে এদিনিও। বলেছেন, ‘আমরা এরইমধ্যে (ডিএনএ) পরীক্ষা করিয়েছি। নিশ্চিত হয়েছি, তিনি আমাদের বোন নয়। তিনি ও আমি মিলে পরীক্ষাগারে এই পরীক্ষা করিয়েছি। তাছাড়া তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সেটা নিশ্চিত হয়েছি।’
পেলের সম্পত্তির বণ্টন নিয়ে এদিনিও বলেন, ‘এটা স্বাভাবিক গতিতেই এগোচ্ছে। ভাইদের মধ্যে মিল আছে। মার্সিয়ার (পেলের তৃতীয় স্ত্রী, যিনি ৩০ শতাংশ সম্পত্তি পাবেন) দিক থেকেও কোনো অসুবিধা নেই। আমার বাবা যেভাবে ইচ্ছা প্রকাশ করে গেছেন, তার প্রতি সম্মান দেখানো হবে।’
নিজেকে পেলের কন্যা দাবি করা নারীর পরিচয় অবশ্য জানা যায়নি। গত বছরের শুরুর দিকে পেলের রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারী কারা, তা আংশিকভাবে প্রকাশিত হয়। তখন পেলের স্ত্রীর আইনজীবী লুইজ কিগনেল এএফপিকে জানিয়েছিলেন, পেলের হয়তো আরেকটি কন্যাসন্তান আছে, যিনি কিংবদন্তির সম্পত্তির ৭০ শতাংশ অংশ পাবেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আনুমানিক ১৭৩ কোটি ৯৩ লাখ টাকার সম্পত্তি রেখে গেছেন পেলে। তবে কিংবদন্তির পরিবার এ নিয়ে মুখ খুলেনি।







