শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় কিংবদন্তি পেলের কফিনের সঙ্গে সেলফি তুলে বিতর্কের মুখে পড়েছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। এসময় ব্রাজিলিয়ান মহাতারকার বোনকেও এড়িয়ে যান ফুটবলের অভিভাবক সংস্থাটির সভাপতি।
কৈশোরের ক্লাব সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে শেষ শ্রদ্ধা জানাতে নেয়া হয়েছে পেলের কফিন। যেখানে ১৮ বছর দাপটে আলো ছড়িয়েছিলেন সেলেসাও মহাতারকা। সোমবার কফিন পৌঁছার পর থেকেই শ্রদ্ধাবনত মানুষের ঢল নেমেছে। পেলেই বলে গিয়েছিলেন, মৃত্যুর পর তার দেহ যেন সান্তোসের মাঠে নেয়া হয়।
মঙ্গলবার বেলমিরোতে যান ফিফা সভাপতি ইনফান্তিনো। পেলের খোলা কফিনের সঙ্গে সেলফি তোলেন। মুহূর্তেই যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যে কাণ্ডের সমালোচনার পারদ।
ফুটবলের রাজাকে মানুষ যেন শেষবারের মতো দেখতে পায়, সেজন্য খুলে রাখা হয়েছিল কফিনের ডালা। কফিনের সামনে পৌঁছে হঠাৎ মুঠোফোন হাতে নেন ইনফান্তিনো, তুলে বসেন সেলফি। তোলার সময় অদ্ভুত এক কাণ্ডও করেছেন, নিকটেই থাকা পেলের বোনকে এড়িয়ে কেবল নিজেকেই রাখেন সেলফিতে।
সেলফি তোলার পর ইনফান্তিনোর পাশে এসে দাঁড়ান এক ব্যক্তি, ফিফা সভাপতির সঙ্গে সেলফি তোলার জন্য মুঠোফোন বের করেন। কিন্তু ব্যক্তিটিকে আর সেলফি তুলতে দেননি ইনফান্তিনো। ঘটনার পর পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানান ফিফা সভাপতি।







