‘পাঠান’ এর প্রথম গান মুক্তির পর থেকেই ছবিটিকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ছবিতে গেরুয়া রঙের অপমান করার অভিযোগ উঠেছে দীপিকা পাডুকোন এবং শাহরুখ খানের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই ছবি বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি শাহরুখকে পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়েছে। এবার হুমকি এলো ‘পাঠান’ মুক্তি দেয়া হলে সিনেমা হল গুলো আগুনে জ্বালিয়ে দেওয়ার।
সোমবার (২৬ ডিসেম্বর) ভারতের অযোধ্যার সাধু মোহন্ত পরমহংস দাস শাহরুখের পিন্ডদানের রীতি মেনে একটি পূজা করেন, যাকে হিন্দিতে বলে তেরভী। মানুষের মৃত্যুর ১৩ দিন পরেই এই রীতি পালন করা হয়।
তার মতে, এটি জিহাদের শেষ, যা সিনেমার মধ্যে দিয়ে শুরু করেছিলেন শাহরুখ খান নিজেই। অযোধ্যায় একটি মাটির পাত্র নিয়ে তিনি পূজা করতে বসেন। কয়েকটি মন্ত্রোচারণের পর সেই পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে ভেঙে দেন তিনি।
এরপর সেই সাধু বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি, যেই হলে ‘পাঠান’ মুক্তি পাবে, সেই হলে আগুন লাগিয়ে দিন। বলিউড ও হলিউড সমানে সনাতন ধর্মকে নিয়ে মজা করছে, হিন্দু দেব-দেবীদের অপমান করছে। ‘পাঠান’ সিনেমাতে গেরুয়া রঙের বিকিনি পরে সাধুদের ও ভারতীয়দের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন দীপিকা পাডুকোন।
কিছুদিন আগেই শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়। বলিউড বাদশাকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন তপস্বী চাভনির মহন্ত পরমহংস আচার্য নামে ওই সাধু। তার বক্তব্য, বেশরম রং গানটিতে সিনেমা নির্মাতারা গেরুয়া রংয়ের অবমাননা করেছেন। তারপরই তার হুমকি, ‘শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে মারব!
সূত্র: হিন্দুস্থান টাইমস








