প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে যেতে জয়ের বিকল্প ছিল না কানাডা নারী ফুটবল দলের। ড্রোনকাণ্ডে গুপ্তচরবৃত্তির দায়ে তাদের ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথম দুম্যাচ জিতে তারা ৬ পয়েন্ট জমিয়েছিল। তবে ঘাটতি নিয়ে শেষপর্যন্ত কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে উঠে গেছে দেশটি।
আসরের পঞ্চম দিনে গ্রুপপর্বে শেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০তে হারিয়ে কোয়ার্টারে উঠেছে কানাডা। জেসি ফ্লেমিংয়ের ফ্রি কিক থেকে ৬১ মিনিটে কানাডার হয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান ডিফেন্ডার ভ্যানেসা জিলেস। আটে শনিবার মার্শেইয়ে জার্মানির মুখোমুখি হবে কানাডা।
জয়ে গ্রুপপর্বে তিন ম্যাচের সবগুলোতে জিতে ৩ পয়েন্ট টিকে যায় কানাডার। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের উপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠায় অলিম্পিক নারী ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৬ পয়েন্ট জরিমানায় পড়তে হয়। তাদের তিন কোচকে একবছর করে নিষিদ্ধও করা হয়েছে। প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে বেভ প্রিস্টম্যানকে।
‘এ’ গ্রুপ থেকে ফ্রান্স ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে কোয়ার্টারে। দ্বিতীয় কানাডা ও তৃতীয় কলম্বিয়ার সমান ৩ পয়েন্ট করে। ১ জয় ও ২টি ম্যাচে হেরেছে কলম্বিয়া। কলম্বিয়ার (০) সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে কোয়ার্টারে উঠেছে কানাডা (+৩)।







