প্যারিস অলিম্পিকে দ্রুততম মানব হয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে দুর্দান্ত লড়াই শেষে জয়ী হন ২৭ বর্ষী তারকা। সোনা জিতে উচ্ছ্বসিত লাইনস নিজেকে তুলনা করেছেন নেকড়ের সঙ্গে।
স্তাদে দে ফ্রান্সের ট্র্যাকে রোববার রাতে ঝড় তুলে ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জেতেন লাইলস। তার সমান ৯.৭৯ সেকেন্ড সময় নিয়েও ফটো ফিনিশে দ্বিতীয় হয়েছেন জ্যামাইকার কিশানে টম্পসন।
দুজনকে পৃথক করেছে সেকেন্ডের হাজারভাগের ৫ ভাগ সময়। সেকেন্ডের সহস্রাংশে লাইলস (.৭৮৪) এগিয়ে ছিলেন টম্পসনের চেয়ে (.৭৮৯)। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি।
রেস শেষের পর নোয়াহ লাইলস বলেছেন, ‘এই পদকটা আমি চেয়েছি, কী কঠিন লড়াই হল, প্রতিদ্বন্দ্বীরাও অবিশ্বাস্য ছিল। সবাই প্রস্তুত হয়েই এসেছিল, আর আমি শুধু এটিই প্রমাণ করতে চেয়েছিলাম তাদের সবার মধ্যে আমি সেই মানুষ, নেকড়ের মধ্যে আমিই সেই নেকড়ে।’






