পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব আসিম ইফতিখার

ছবি: সংগৃহীত
পাকিস্তানের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদকে দেশটির নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ নিয়োগের ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে বর্তমানে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ পাকিস্তানের পরবর্তী পররাষ্ট্রসচিব হবেন।
ইসহাক দার বলেন, রাষ্ট্রদূত ইফতিখারের নেতৃত্বে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর স্পষ্টতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের স্বার্থ এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদী। এ ক্ষেত্রে বর্তমান পররাষ্ট্রসচিব আমনা বালোচ এবং তার পূর্বসূরিদের গুরুত্বপূর্ণ কাজের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান পররাষ্ট্রসচিব আমনা বালোচের দায়িত্বের প্রশংসা করে ইসহাক দার বলেন, পাকিস্তানের কূটনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, আমনা বালোচ জনসেবার ক্ষেত্রে নিষ্ঠার একটি দৃষ্টান্ত রেখে যাচ্ছেন। তার ভবিষ্যৎ পথচলার জন্য আমাদের আন্তরিক শুভকামনা রইল।
ইসহাক দার জানান, সরকারি চাকরি থেকে অবসরের পর আমনা বালোচ তুরস্কে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন। নতুন দায়িত্বেও তিনি পাকিস্তানের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এসব নিয়োগ ও দায়িত্ব পরিবর্তনের অনুমোদন দিয়েছেন।
২০২৪ সালের ১১ সেপ্টেম্বর পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমনা বালোচ। আগামী ১৭ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে তার অবসর নেওয়ার কথা রয়েছে।
এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর এক্সে দেওয়া এক পোস্টে আসিম ইফতিখার আহমেদ এ নিয়োগকে বড় সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, নেতৃত্বের পক্ষ থেকে আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, তাতে আমি গভীরভাবে কৃতজ্ঞ। দেশের সর্বোচ্চ জাতীয় স্বার্থ এগিয়ে নিতে এই দায়িত্ব পালনে সবার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা করছি।
আসিম ইফতিখার এ দায়িত্বের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার বাবা-মা, পরিবার, বন্ধু ও সহকর্মীদের সমর্থন ও দোয়ার জন্য ধন্যবাদ জানান।






