যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি সাংবাদিকদের জানান, চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সমঝোতা স্মারকের আওতায় সব পক্ষকে পুনরায় আলোচনায় ফিরিয়ে আনতে ইসলামাবাদ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে চুক্তিতে উল্লেখিত কৌশলগত পর্যায়ের আলোচনা আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট দেশগুলোকে উৎসাহিত করা হচ্ছে।
তাহির আন্দরাবি আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও উত্তেজনা প্রশমনে সংলাপই সবচেয়ে কার্যকর পথ। সে লক্ষ্যেই পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।







