মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ গড়িয়েছে নেপালে। রোববার প্রথম নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। ‘এ’ গ্রুপের লড়াইয়ে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। তাদের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে লাল-সবুজের মেয়েদের। শিরোপা ধরে রাখার মিশনে দেশের জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুত সাবিনা খাতুনের দলও।
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। তার আগের দিন অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন কোচ পিটার বাটলার। জানিয়েছেন জয়ের কথাই ভাবছেন কেবল।
‘আমাদের গ্রুপটা খুব কঠিন হয়েছে এবার। তাই জয়ের কথা সহজে বলতে পারছি না। প্রতিপক্ষকে আমাদের সম্মান করতেই হবে। পাকিস্তান-ভারত ম্যাচটা আমি মাঠে বসে দেখেছি। আমি মনে করি পাকিস্তানে অনেক ভালো খেলোয়াড় আছে। ৪-০ থেকে ওরা ৪-২ করেছিল এক সময়। ফিজিক্যালি, সেট-পিসে ওরা ভালো। তাই ওদেরকে হালকাভাবে নিচ্ছি না। ওদেরকে হারাতে সব সময় আমাদের প্ল্যান ‘এ’ ও ‘বি’ থাকবে।’
‘আমি মনে করি, আমাদের দৃষ্টিকোণ থেকে জয়টা গুরুত্বপূর্ণ। ৫-০ গোলে জিতলাম, নাকি কত ব্যবধানে জিতলাম, এটার আসলে কোনো মানে নেই। আমাদের প্রতিপক্ষকে সম্মান করতে হবে। ব্যক্তিগত ও দলীয়ভাবে সেরাটা বের করে আনার জন্য প্রতিপক্ষকে সমীহ করতে হবে।’
‘টুর্নামেন্ট শুরু হয়েছে, আমার দৃষ্টিতে এই প্রতিযোগিতায় আমরা এখন পর্যন্ত যা দেখেছি, খেলার মান খারাপ নয়। আমরা টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি সেরাটা দেয়ার চেষ্টা করব এবং আমাদের লক্ষ্যের প্রতি মনোযোগী থাকব। আমি মনে করি, এই দলের অনেক কিছু দেওয়ার আছে।’
অধিনায়ক সাবিনা খাতুন জানিয়েছেন, লাল-সবুজদের বিশ্বাস পাকিস্তান অঘটন ঘটাতে পারবে না দশরথে। জয়ে শুরু করতে পারলে বাংলাদেশের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হবে গ্রুপসেরা হওয়ার লড়াই।








